তেরখাদায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
খুলনার তেরখাদা উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ধান কাটাকে কেন্দ্র করে সৃষ্ট এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৫ এপ্রিল) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় সকালে নুর আলম (৫৬) নিহত হন।
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিএনপির দুটি গ্রুপ—শহিদুল ও সাইফুল গ্রুপ—এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে সাইফুল গ্রুপের নুর আলম নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মৃত্যু হয়।
পুলিশের দাবি অনুযায়ী, ধান কাটা ও পূর্ব বিরোধের জের ধরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়।
অন্যদিকে তেরখাদা উপজেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ফখরুল ইসলাম বলেন, মধুপুর উত্তরপাড়া বিলে ধান কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটলেও এটি রাজনৈতিক সহিংসতা নয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।





















