শান্তি বৈঠকের আগে পাকিস্তানকে নিশানা ইসরায়েলের
ইরানের সঙ্গে ‘গোপন চুক্তি’ পাকিস্তানের!
- সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
ইরানকে ঘিরে বৈশ্বিক উত্তেজনা নতুন করে চরমে উঠেছে। ঠিক এই সময়েই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ বসতে যাচ্ছে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক। তবে আলোচনার আগেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে একাধিক অভিযোগ ও হুঁশিয়ারি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এই বৈঠক ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, “অনেক ভদ্রতা দেখানো হয়েছে, আর নয়”—চুক্তিতে না এলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এদিকে রাষ্ট্রসংঘের অধিবেশনে বিস্ফোরক অভিযোগ তুলেছে ইজরায়েল। দেশটির রাষ্ট্রদূত ড্যানি ডেনন দাবি করেছেন, বিপুল অর্থের বিনিময়ে পাকিস্তান গোপনে ইরানের সঙ্গে চুক্তি করেছে। শুধু পাকিস্তানই নয়, তার নিশানায় ছিল চীন ও ফ্রান্স-ও।
একটি ভাইরাল ভিডিওতে ডেননকে বলতে শোনা যায়, “আপনারা স্বীকার করেছেন ইরানের সঙ্গে চুক্তি হয়েছে।” একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন—হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ পার করাতে ইরানকে ঠিক কত টাকা দেওয়া হয়েছে? এমনকি ফ্রান্সের রাষ্ট্রদূতের কাছে ‘চেক’ দেখানোর দাবিও জানান তিনি। তবে এই প্রশ্নগুলোর জবাব মেলেনি বলে দাবি করেন ডেনন।
হরমুজ প্রণালীকে ঘিরে চলমান পরিস্থিতিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলেও উল্লেখ করেছেন তিনি। তার মতে, যারা ইরানকে অর্থ দিচ্ছে, তারা মূলত চাপ সৃষ্টি করার এই কৌশলকেই প্রশ্রয় দিচ্ছে।
সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, গত কয়েক মাস ধরে হরমুজ প্রণালী-তে বিভিন্ন দেশের জাহাজ আটকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করছে ইরান। এমনকি সম্প্রতি সেখানে একাধিক জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
সব মিলিয়ে, শান্তি বৈঠকের আগেই উত্তেজনা চরমে। এখন দেখার, ইসলামাবাদের আলোচনায় এই সংকটের কোনো সমাধান বের হয়, নাকি পরিস্থিতি আরও সংঘাতের দিকে গড়ায়।

























