তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার, ওয়ারেন্ট অফিসার রিমান্ডে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা–এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।
এর আগে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম তাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করেন এবং পরে আদালতে হাজির করা হয়।
মামলার নথি অনুযায়ী, এ পর্যন্ত ৮০টি ধার্য তারিখ পার হয়েছে এবং বিভিন্ন সময় ৭টি তদন্ত সংস্থা মামলাটি পরিচালনা করেছে।
গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা আদালতে তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চেয়েছিলেন। সেই তালিকায় হাফিজুর রহমানসহ আরও দুইজনের নাম ছিল।
আজ বিকেলে মামলার শুনানির সময় নিহত তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তনুর বাবা-মায়ের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলায় নতুন অগ্রগতি হিসেবে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।






















