চুক্তির শর্ত কী? ড. ইউনূস ইস্যুতে নতুন বিতর্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি বাণিজ্যচুক্তি ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহলের দাবি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে স্বাক্ষরিত এ চুক্তি দেশের বাণিজ্যনীতি ও অর্থনৈতিক স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে। তবে চুক্তির বিস্তারিত শর্ত নিয়ে এখনো সরকারি পর্যায়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি।
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করে ভয়াবহ অসম বাণিজ্যচুক্তি। দেশের সবাইকে অন্ধকারে রেখে করা এই চুক্তি এখন বাংলাদেশের জন্য গলার ফাঁস।
ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, একতরফা বাণিজ্যচুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন পণ্যের অবাধ বাজারে পরিণত করা হয়েছে। শুধু তা-ই নয়, বিকিয়ে দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব।
অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের একাংশের মতে, চুক্তির ফলে বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের প্রবেশ সহজ হবে এবং অনেক ক্ষেত্রে শুল্ক হ্রাস বা প্রত্যাহারের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কিছু পণ্যের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে শুল্কছাড় সুবিধা বাড়ার কথা বলা হয়েছে।
তবে সমালোচকদের অভিযোগ, চুক্তির কিছু শর্ত অসম এবং একপক্ষীয় হতে পারে। তাদের মতে, এতে বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক, জ্বালানি আমদানি এবং প্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে কিছু বিধিনিষেধ আরোপের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানা যায়নি। চুক্তিটি নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্য এবং গণমাধ্যমে আসা প্রতিবেদনের সত্যতা ও ব্যাখ্যা নিয়ে আলোচনা চলছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)–সহ কিছু গবেষণা সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, যেকোনো বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আগে এর অর্থনৈতিক প্রভাব, শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থ বিবেচনা করা জরুরি।
চুক্তির নথি পর্যালোচনা করে দেখা যায়, এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্কছাড় দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ পেয়েছে ১ হাজার ৬৩৮ পণ্যে পাল্টা শুল্কছাড়। এর মধ্যে যুক্তরাষ্ট্র চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই ৪ হাজার ৫০০টি পণ্য বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। এগুলোর মধ্যে রয়েছে গবাদি পশু, মাংস, মাছ, রাসায়নিক দ্রব্য, বস্ত্র, যন্ত্রপাতি ও বিভিন্ন ধরনের শিল্পপণ্য।
এ ছাড়া ১ হাজার ৫৩৯টি পণ্যের শুল্ক চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক কমে যাবে। বাকি অর্ধেক পরবর্তী চার বছর ধরে সমানভাবে কমবে। পঞ্চম বছরের ১ জানুয়ারি থেকে এসব পণ্য পুরোপুরি শুল্কমুক্ত সুবিধা পাবে। এর বাইরে ৬৭২টি মার্কিন পণ্যের ক্ষেত্রে শুরুতে শুল্ক অর্ধেক কমবে। বাকি অর্ধেক পরের ৯ বছরে সমান ধাপে কমিয়ে দশম বছরের ১ জানুয়ারি থেকে সম্পূর্ণ শূন্য শুল্ক সুবিধা পাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল শুল্কছাড় বাংলাদেশের কৃষি ও শিল্পপণ্যের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে।
বিশেষজ্ঞদের মতে, চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি খাত, আমদানি কাঠামো এবং বৈদেশিক বাণিজ্য কৌশলে পরিবর্তন আসতে পারে। তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে চূড়ান্ত বাস্তবায়ন প্রক্রিয়া ও নীতিগত ব্যাখ্যার ওপর।
এদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে, বিষয়টি নিয়ে আরও স্বচ্ছতা ও বিস্তারিত তথ্য প্রকাশ করা প্রয়োজন, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং জাতীয় স্বার্থ সঠিকভাবে মূল্যায়ন করা যায়।
























