ঢাবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী শোভাযাত্রা’। এবারের প্রতিপাদ্য— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার পর শোভাযাত্রাটি বের হলে এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বর্ণিল পোশাক, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় ২০০ শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করছেন। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনা উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।
বরাবরের মতো এবারও শোভাযাত্রায় লোকঐতিহ্যের নানা উপাদান তুলে ধরা হয়েছে। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে তৈরি বিশাল বাঘ, হাতি, ময়ূর ও মা-শিশুর প্রতিকৃতি শোভাযাত্রাকে দিয়েছে অনন্য মাত্রা। মূল বার্তা—অশুভ শক্তির বিনাশ ও কল্যাণময় আগামীর প্রত্যাশা।
এবার বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি মোটিফ—মোরগ, বেহালা (দোতারা), পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি করেছেন এসব প্রতীক, যা শোভাযাত্রার আকর্ষণ বাড়িয়েছে।
শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। অংশগ্রহণকারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। ক্যাম্পাসে মুখোশ, ব্যাগ, ইংরেজি প্ল্যাকার্ড, বেলুন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। অধিকাংশ প্রবেশপথ নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে। পাশাপাশি হেল্প ডেস্ক, কন্ট্রোলরুম, অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।
নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে চলছে সাংস্কৃতিক আয়োজনও। চৈত্রসংক্রান্তিতে লোকসংগীত ও নৃত্যের আয়োজনের পর ১৫ ও ১৬ এপ্রিল যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে চলছে নানা আয়োজন, যার মধ্য দিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐক্যের বার্তা নতুন করে উচ্চারিত হচ্ছে।





















