শিক্ষা ক্যাডারে বড় রদবদল, একাধিক কর্মকর্তার বদলি-পদায়ন
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরে কর্মরত একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা একাধিক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনগুলোতে উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, ওই বোর্ডের সচিব ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক (রসায়ন) হিসেবে বদলি করা হয়েছে।
সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেককে সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে সিলেট শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বিপরীতে, সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে ওএসডি করে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) এবং বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করে তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। ফরিদপুরের অধ্যাপক মো. নাজমুল হককে পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে।
এনটিআরসিএ’র উপপরিচালক অধ্যাপক দীনা পারভিনকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে (পিআরএল সুবিধার্থে)।
অন্য প্রজ্ঞাপনে দেখা যায়, অধ্যাপক মো. জাফর আহম্মদকে তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে। সহযোগী অধ্যাপক কামরুন নাহারকে হাজারীবাগ সরকারি কলেজ থেকে ঢাকা কলেজে বদলি করা হয়েছে। মাদারীপুর সরকারি কলেজের অধ্যাপক গৌর কুমার চৌধুরীকে খুলনার ব্রজলাল কলেজে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া, গবেষণা কর্মকর্তা মোছা. আয়শা সিদ্দিকা মৌসুমী ও অধ্যাপক আবু মোহাম্মদ রেজাউল হাসানকে ওএসডি করে ঢাকার বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক মো. বোরহান উদ্দীনকে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সহযোগী অধ্যাপক শামীম আল মামুনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) করা হয়েছে।
এছাড়া, ড. রিয়াদ চৌধুরী, অধ্যাপক মো. কামরুজ্জামান, খন্দকার জাহিদুল হক ও অধ্যাপক রাবেয়া মোমেনসহ আরও কয়েকজন কর্মকর্তাকে ওএসডি করে বিভিন্ন কলেজে সংযুক্ত বা বদলি করা হয়েছে।
এই রদবদলের মাধ্যমে শিক্ষা প্রশাসনে নতুন গতিশীলতা আনার লক্ষ্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















