বিদ্যুতের দাম সমন্বয়ে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট মোকাবিলায় বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য সমন্বয়ের লক্ষ্যে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে, যা সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা ও ব্যয় বিবেচনায় বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়ন করাই এই কমিটির প্রধান দায়িত্ব।
কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে। বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলেও জানানো হয়েছে।





















