শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন
শিক্ষকদের উন্নয়ন ছাড়া কেবল মন্ত্রী দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব না
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়; বরং শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হলে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা খাতুন সভাপতিত্ব করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় দেশের উন্নয়নের অন্যতম প্রধান খাত। তাই এই মন্ত্রণালয়কে আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, তিনি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত এবং শিক্ষকদের সঙ্গে নিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান। পাশাপাশি সংসদ সদস্যদের নিয়মিত শিক্ষা নিয়ে আলোচনা এবং সংসদে এ বিষয়ে নোটিশ দেওয়ার আহ্বান জানান তিনি।
অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে নকল প্রবণতাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল। ২০০১ সালের পর নকল দমনে কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হলেও করোনার পরবর্তী সময়ে তা আবার নতুন রূপে, বিশেষ করে ডিজিটাল জালিয়াতি আকারে ফিরে এসেছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষক ও প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, ১৯৮০ সালের শিক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় পরীক্ষকদের খাতা থেকে র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে পুনঃযাচাই করা হবে, যাতে মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। পাশাপাশি নতুন পরীক্ষক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং প্রশাসনিক জটিলতা কমাতে একটি একক আইডি নম্বর চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আইডির মাধ্যমে জন্ম থেকে শুরু করে শিক্ষা, ব্যাংকিংসহ বিভিন্ন সেবা সহজ হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকতা একটি পবিত্র দায়িত্ব। কিন্তু অনেক শিক্ষক নিজের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে না পড়িয়ে আস্থার ঘাটতি তৈরি করছেন। তিনি শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সভায় যশোর শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা বিভাগের ১০ জেলার সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা খাতুনের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের এমপি গাজী এনামুল হক, যশোর-৬ আসনের এমপি মোক্তার আলী, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিউর রহমান, নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের এমপি আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন কারিগরী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোঃ নুরুল হক।





















