পহেলা বৈশাখে ১৪ পয়েন্টে রোড ডাইভারশন, বিশেষ নির্দেশনা ডিএমপির
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে রাজধানীতে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন নগরীর গুরুত্বপূর্ণ ১৪টি পয়েন্টে ডাইভারশন দেওয়া হবে এবং বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানান, ১৪ এপ্রিল ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে।
ডাইভারশন পয়েন্টগুলোর মধ্যে রয়েছে— বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, পুলিশ ভবন, সুগন্ধা, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টার, জগন্নাথ হল, ভাস্কর্য, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।
ডিএমপি জানায়, মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহন বাংলামোটর হয়ে মগবাজার বা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে মিন্টো রোড হয়ে চলাচল করতে পারবে। একইভাবে গোলাপশাহ মাজার ও হাইকোর্ট এলাকা থেকে শাহবাগগামী যান কদম ফোয়ারা হয়ে বিকল্প সড়ক ব্যবহার করবে। সায়েন্সল্যাব থেকে শাহবাগগামী যানবাহনকে আজিমপুর-বকশীবাজার বা কাঁটাবন-নীলক্ষেত-পলাশী সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এদিকে, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য কয়েকটি নির্ধারিত স্থান ঠিক করা হয়েছে। এর মধ্যে রয়েছে নেভী গ্যাপ থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত সড়ক, মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা এলাকা, কাঁটাবন থেকে পলাশী পর্যন্ত সড়ক এবং আব্দুল গণি রোড ও সচিবালয় লিংক রোড।
নিরাপত্তা ও জরুরি সেবার অংশ হিসেবে অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, নৌ-পুলিশের ডুবুরি দল এবং সিটি কর্পোরেশনের মোবাইল টয়লেট সুবিধা রাখা হবে। পর্যটকদের সহায়তায় টুরিস্ট পুলিশ সেবা কেন্দ্রও স্থাপন করা হবে।
ডিএমপি জানিয়েছে, যেকোনো সন্দেহজনক বা অপ্রীতিকর পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা ডিএমপি কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।





















