অপতথ্য থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও ভুল তথ্য থেকে মানুষকে সুরক্ষা দেওয়া নাগরিক অধিকারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল ইকোসিস্টেমের পূর্ণাঙ্গ সুফল পেতে হলে জনবান্ধব নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের ধারণায় সময়ের সঙ্গে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে যেখানে তথ্যপ্রবাহে বাধা ও ‘প্রেস ফ্রিডম’ ছিল প্রধান চ্যালেঞ্জ, এখন সেখানে অপতথ্যের অপব্যবহার বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন থেকে সুরক্ষা পাওয়া এখন মানুষের মৌলিক অধিকার। কেবল অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করলেই হবে না, অপতথ্য প্রতিরোধেও সমান গুরুত্ব দিতে হবে। তা না হলে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
জহির উদ্দিন স্বপন বলেন, একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্ব হলো ডিজিটাল খাতে কার্যকর ও জনবান্ধব নীতি এবং ট্যাক্স কাঠামো গড়ে তোলা। তবে এখনো অ্যানালগ মানসিকতা থেকে পুরোপুরি ডিজিটাল চিন্তায় রূপান্তর না হওয়ায় ডিজিটাল ইকোসিস্টেমের সম্ভাবনা পূর্ণভাবে কাজে লাগানো যাচ্ছে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আজাদ। এছাড়া বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইসিটি বিশেষজ্ঞ ও ব্রডব্যান্ড খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।





















