ঈদে পাহাড়ি বনভূমির মাধুর্য উপভোগে পর্যটকের ঢল
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ছুটিতে আসা হাজারো পর্যটক লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশেপাশের দর্শনীয় স্থানে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করেছেন।
পরিবার ও বন্ধুদের সঙ্গে বনভূমির পাহাড়ি পথ, উঁচু-নিচু টিলা এবং সবুজ প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ভ্রমণকারীরা উচ্ছ্বসিত ছিলেন। বিশেষ করে শিশু ও তরুণ পর্যটকদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।

উদ্যানের মূল ফটক থেকে শুরু করে বনের ভেতরের ট্রেইলগুলো পর্যন্ত পর্যটকদের দীর্ঘ সারি চোখে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ এবং ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থাও নিয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা জানিয়েছেন, “ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। বন পরিবেশ রক্ষা ও পর্যটকদের সেবা নিশ্চিত করতে বনকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক কাজ করছেন। এই ভিড় স্থানীয় পর্যটন ব্যবসায়িক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করেছে।”
লাউয়াছড়ার পাশাপাশি কমলগঞ্জের মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ এবং চা বাগানগুলোতেও পর্যটকেরা ভিড় জমিয়েছে।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে যানজট ও ভিড় এড়াতে, বন বিভাগ এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি পর্যটকদের প্লাস্টিক বর্জন ও বনের নিরবতা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।




















