সিলেট সীমান্তে ভূমিকম্প, আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির খবর নেই
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ-ভারত সীমান্তের সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১১ এপ্রিল) সকালে এই কম্পন টের পান সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। এর প্রভাব বাংলাদেশের সিলেট সীমান্তেও অনুভূত হয়।
এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা সিলেটসহ আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছিল।
সর্বশেষ এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনে সীমান্তবর্তী অঞ্চলের মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সাম্প্রতিক সময়ে ঢাকা-সহ দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন ভূমিকম্পের ঘটনায় সচেতনতা বাড়ানো এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা জরুরি।





















