জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান

- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
জাতীয় ঐক্য গড়ে তুলতে গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে কোনো অবস্থাতেই সরে আসবে না জামায়াত।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সংবিধান সংশোধনের বদলে গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে জামায়াত কোনো অবস্থাতেই সরে আসবে না। এ রায় উপেক্ষা করা হলে পুরোনো ফ্যাসিস্টরা আবারও ফিরে আসার সুযোগ পাবে।’
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা দলীয়করণের পথে হাঁটছে। দলীয়করণের মাধ্যমে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলে এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘অভ্যুত্থানের পর একসময়ের মজলুম একটি দলের চরিত্রে পরিবর্তন এসেছে। ফলে জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারছে না।’ সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন বলেও উল্লেখ করেন তিনি।
সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জামায়াত আমির। প্রতিবেশী দেশকে বন্ধু হিসেবে দেখতে চাইলেও তাদের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।


























