বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পতিত স্বৈরাচারকে আর কখনো বাংলাদেশের মাটিতে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, বিদেশে অবস্থান করে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব তৎপরতা সফল হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকবে, মতপার্থক্য নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা হয়েছে। থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে যারা আগুন দিয়েছে, তাদেরও শনাক্ত করা হয়েছে।


























