এইচএসসির পুনর্নিরীক্ষণে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সবচেয়ে বেশি পরিবর্তন ময়মনসিংহ বোর্ডে, হার ৪৪.১৯ শতাংশ; সবচেয়ে কম রাজশাহীতে
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র যাচাই করে এ পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ১১ দশমিক ৪৫ শতাংশ।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা বোর্ডগুলোর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ফল পরিবর্তনের সংখ্যার পাশাপাশি হারেও শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাঁদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র যাচাই শেষে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের তুলনায় এ হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।
ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার পর ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এ হার ৭ দশমিক ১৬ শতাংশ।
অন্যান্য বোর্ডের মধ্যে কুমিল্লায় ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের, রাজশাহীতে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোরে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের এবং চট্টগ্রামে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।
বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ।
এ ছাড়া সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জন, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। যাচাই শেষে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ১৩ শতাংশ।
পরিসংখ্যানে দেখা যায়, ফল পরিবর্তনের হারে ময়মনসিংহের পর রয়েছে বরিশাল ও কারিগরি শিক্ষা বোর্ড। বিপরীতে সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে। এ বোর্ডে আবেদনকারীদের মাত্র ২ দশমিক ৪৮ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।























