শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ, ১৫ দিনের সময়
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলে নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, আইনের শাসনের মূলনীতি অনুযায়ী দেশের সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী শেখ হাসিনারও আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে।
এতে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন গঠনমূলক আইনি ও প্রশাসনিক পদক্ষেপ বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদের সুরক্ষার প্রশ্নে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।






















