এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: সিইসি
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন ও সংশোধন সেবায় নাগরিকদের হয়রানি বন্ধ এবং দুর্নীতি নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি সেবাকে দুর্নীতিমুক্ত করে মানুষের ভোগান্তি কমাতে চায় নির্বাচন কমিশন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, পত্রপত্রিকায় এনআইডি সেবা নিয়ে হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এ ধরনের অভিযোগ বন্ধে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আমি সমাধান চাই। মানুষ হয়রানির শিকার হোক, তা চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি-সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এত হয়রানির আবেদন আর দেখতে চাই না।’
কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি আরও বলেন, যেকোনো চিঠি বা আবেদন পাওয়ার পর তা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনের অগ্রগতি শনাক্ত করা যায়। জনসাধারণের ভোগান্তি বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান বের করার পাশাপাশি সঠিকভাবে আবেদন করার বিষয়ে নাগরিকদের সচেতন করতে হবে।
এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, এনআইডি নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নের সময় তা প্রস্তুতের প্রক্রিয়া শিগগিরই চালু করা হবে।
সংশোধন প্রক্রিয়ায় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চালুর কাজ চলছে বলেও জানান তিনি। কোনো তথ্য বা আবেদন বাতিল হলে তার কারণ সংশ্লিষ্ট নাগরিককে জানানো হবে। এ জন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে বলে উল্লেখ করেন ইসি সচিব।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং আনুমানিক ৩ লাখ আবেদন বাতিল হয়েছে।






















