শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্রোগের ঝুঁকি?
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
শিশুর হাতে মোবাইল, চোখ আটকে টিভির পর্দায়—বিনোদনের এই অভ্যাস কখন যে দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠছে, তা অনেক অভিভাবকই খেয়াল করছেন না। কার্টুন, ভিডিও গেম কিংবা একের পর এক রিল দেখার নেশায় কমছে মাঠে খেলাধুলা, বই পড়া ও সৃজনশীল কাজে সময়। চিকিৎসকদের উদ্বেগ, দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকার এই অভ্যাস শিশুদের শুধু চোখ ও ঘুমের ক্ষতি করছে না, পরোক্ষভাবে বাড়িয়ে দিতে পারে হৃদ্রোগ ও বিপাকীয় জটিলতার ঝুঁকিও।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে কার্ডিওমেটাবলিক ঝুঁকির সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। এর মধ্যে রয়েছে স্থূলতা, ইনসুলিন রেজিস্ট্যান্স, রক্তে শর্করা ও ক্ষতিকর চর্বির মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা। এসব ঝুঁকি দীর্ঘ মেয়াদে হৃদ্স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হেলথের শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়ঙ্কর পালের মতে, শিশুদের অবসর সময় ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এমনকি দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুরাও সময়ের অভাবের কথা বলছে। স্কুলের পড়াশোনা ও প্রজেক্টের চাপে খেলাধুলা কিংবা ছবি আঁকার মতো কাজে সময় না দিয়ে অনেকেই মোবাইলে কার্টুন ও ভিডিও গেমে ডুবে থাকছে।
তাঁর মতে, এ অভ্যাসের ফলে শিশুদের শারীরিক নিষ্ক্রিয়তা বাড়ছে, স্থূলতা দেখা দিচ্ছে এবং হজমশক্তিতেও প্রভাব পড়ছে। এসব পরিবর্তন পরোক্ষভাবে হৃদ্যন্ত্রের ওপর চাপ তৈরি করতে পারে।
যেভাবে বাড়তে পারে হৃদ্রোগের ঝুঁকি
হৃদ্যন্ত্র ও বিপাকীয় স্বাস্থ্য—দুইয়ের ওপরই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের প্রভাব পড়তে পারে। হৃদ্রোগ বিশেষজ্ঞ দিলীপ কুমারের ব্যাখ্যায়, এর পেছনে কয়েকটি কারণ কাজ করে।
শারীরিক নিষ্ক্রিয়তা ও ইনসুলিন রেজিস্ট্যান্স: দীর্ঘ সময় মোবাইল বা টিভির সামনে বসে থাকলে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের সুযোগ কমে যায়। ফলে শরীরে শক্তি খরচ কম হয়, ওজন বাড়তে পারে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ঝুঁকি থাকে। এ অবস্থায় শরীরের কোষ ইনসুলিনের প্রতি যথাযথ সাড়া দিতে পারে না, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
মানসিক চাপ ও ঘুমের ব্যাঘাত: ভিডিও গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের রিল কিংবা বয়স অনুপযোগী কনটেন্ট শিশুদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়াতে পারে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে ঘুমের সময়ও কমে যেতে পারে। বিশেষ করে রাতে স্ক্রিনের আলো ঘুম নিয়ন্ত্রণকারী মেলাটোনিন হরমোনের স্বাভাবিক নিঃসরণে ব্যাঘাত ঘটাতে পারে। ঘুমের ঘাটতি ও মানসিক চাপ দীর্ঘ মেয়াদে রক্তচাপ এবং হৃদ্স্পন্দনের ওপর প্রভাব ফেলতে পারে।
খাদ্যাভ্যাস ও বিপাকীয় পরিবর্তন: স্ক্রিনে ডুবে থাকার সময় অনিয়মিত খাওয়া কিংবা অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা তৈরি হতে পারে। এতে ওজন বাড়ার পাশাপাশি রক্তে ক্ষতিকর কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এসব উপাদান একত্রে কার্ডিওমেটাবলিক সমস্যার পথ তৈরি করতে পারে।
বয়স অনুযায়ী কতক্ষণ স্ক্রিনে থাকা উচিত?
শিশুর বয়স ও বিকাশের পর্যায় অনুযায়ী স্ক্রিন ব্যবহারের সীমা নির্ধারণ করা জরুরি। তবে বিভিন্ন বয়সে স্ক্রিন ব্যবহারের সময় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ এবং প্রচলিত নির্দেশনায় পার্থক্য রয়েছে। শিশুদের বয়স অনুযায়ী স্ক্রিন ব্যবহারের সময় নির্ধারণে অভিভাবকদের সতর্ক থাকতে হবে।
শিশুর প্রথম দেড় বছরে মোবাইল বা টিভির স্ক্রিনে অভ্যস্ত করে তোলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। অনেক অভিভাবক শিশুকে শান্ত রাখতে কিংবা খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন চালিয়ে দেন। কিন্তু এ অভ্যাস শিশুর স্বাভাবিক বিকাশে বাধা তৈরি করতে পারে।
এক থেকে দুই বছর বয়সে স্ক্রিনের ব্যবহার যথাসম্ভব সীমিত রাখা প্রয়োজন। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের স্ক্রিনের সামনে দীর্ঘ সময় বসিয়ে না রেখে খেলাধুলা, গল্প শোনা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে হবে। ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেও একটানা কার্টুন বা ভিডিও দেখার অভ্যাস নিয়ন্ত্রণ করা জরুরি।
স্ক্রিনের আসক্তি কমাবেন যেভাবে
শিশুকে মোবাইল থেকে দূরে রাখতে শুধু নিষেধাজ্ঞা যথেষ্ট নয়; বিকল্প বিনোদন ও পারিবারিক অংশগ্রহণও জরুরি। চিকিৎসকদের পরামর্শ, শিশুদের দৈনন্দিন জীবনে খেলাধুলা ও সৃজনশীল কাজের সুযোগ বাড়াতে হবে।
- খেলাধুলায় উৎসাহ দিন: বাইরে খেলার সুযোগ না থাকলে ঘরেই এমন খেলার আয়োজন করতে হবে, যাতে শিশুর শারীরিক পরিশ্রম হয়। বয়স উপযোগী হালকা ব্যায়াম ও স্ট্রেচিংও করা যেতে পারে।
- সামাজিক মেলামেশা বাড়ান: বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে হবে। এতে শিশুর যোগাযোগের দক্ষতা ও ভাষার বিকাশে সহায়তা হতে পারে।
- শোয়ার ঘর রাখুন গ্যাজেটমুক্ত: শিশুর ঘরে টিভি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস না রাখাই ভালো। ঘুমের আগে স্ক্রিন ব্যবহারও সীমিত করতে হবে।
- অভিভাবকদেরও অভ্যাস বদলাতে হবে: শিশুর সামনে সারাক্ষণ মোবাইল স্ক্রল করলে তাকে স্ক্রিন থেকে দূরে রাখা কঠিন। তাই বড়দেরও নিজেদের ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে।
- সৃজনশীল কাজে যুক্ত করুন: ছবি আঁকা, বই পড়া, পাজল সমাধান কিংবা বাগান করার মতো কাজে শিশুকে উৎসাহ দেওয়া যেতে পারে। এসব কাজে অভিভাবকেরা অংশ নিলে শিশুর আগ্রহ বাড়ে।
শিশুর হাতে মোবাইল তুলে দিয়ে সাময়িকভাবে তাকে ব্যস্ত রাখা সহজ। কিন্তু সেই অভ্যাস দীর্ঘ মেয়াদে তার শারীরিক সক্রিয়তা, ঘুম, খাদ্যাভ্যাস ও মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ না করে বয়স ও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলাই গুরুত্বপূর্ণ।






















