যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মঙ্গলবার বিকেলে তিন সংগঠনের যৌথ কর্মসূচিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতা-কর্মীরা। সমাবেশ থেকে আওয়ামী লীগের যেকোনো ধরনের তৎপরতা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়।
শহরের চারখাম্বা মোড় থেকে তিন সংগঠনের নেতাদের নেতৃত্বে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা জনগণের কাছ থেকে লুটপাট করা অবৈধ অর্থ সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পাঠিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছেন। তাঁদের দাবি, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ পুনর্গঠনে কাজ করছেন, তখন একটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত রোববার রাতে দুর্বৃত্তরা যশোরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে। একই রাতে শহরের মাইকপট্টি এলাকায় নাশকতার উদ্দেশ্যে মিছিল বের করা হয় বলেও দাবি করেন তাঁরা।
সমাবেশে নেতারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেবে না। রাজপথে দলটির কোনো ধরনের অপতৎপরতা দেখা গেলে তা প্রতিরোধ করা হবে।
কর্মসূচিতে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানসহ তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

























