সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ, সমপরিমাণ অনুদান
তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর

- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি—উদ্যোগ’ প্রকল্পের আওতায় এ অর্থ পাবেন নির্বাচিত তরুণ উদ্যোক্তারা। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণের জন্য কোনো জামানত লাগবে না।
প্রথম পর্যায়ে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়েছে। এসব উপজেলায় জমা পড়েছে ১৮ হাজার ৪৪৪টি আবেদন। এখন সেগুলো যাচাই-বাছাই চলছে। গত রোববার থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলা থেকেও আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গত ১৩ সেপ্টেম্বর জারি করা নীতিমালায় এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে। কর্মসূচির মূল লক্ষ্য, দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
যেভাবে মিলবে অর্থায়ন
‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় একজন নির্বাচিত তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। অর্থাৎ, কোনো উদ্যোক্তা ১০ লাখ টাকা ঋণ পেলে তিনি আরও ১০ লাখ টাকা অনুদান পেতে পারেন। ঋণ ও অনুদানের অর্থ একই সময়ে এককালীন দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফশিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফশিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।
প্রথম ধাপে যেসব জেলায় আবেদন নেওয়া হয়েছে
মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা—এই আট জেলার ৬৪টি উপজেলা থেকে প্রথম পর্যায়ে আবেদন নেওয়া হয়েছে। এসব জেলায় জমা পড়া ১৮ হাজার ৪৪৪টি আবেদন বর্তমানে যাচাই করা হচ্ছে।
বিনা জামানতে ২০ লাখ টাকা অর্থায়নের নীতিমালা এবং আবেদন ফরম পেতে ক্লিক করুন এখানে।





















