সৌদি আরবে হামলার জের: রিয়াদে বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি পাওয়া সাপেক্ষে ফ্লাইট পরিচালনা করা হবে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ-সংক্রান্ত তথ্য যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে অধিক ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আবার নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে।
এদিকে যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ফ্লাইট পরিচালনা ও সময়সূচির সর্বশেষ তথ্য জানতে এবং টিকিট কেনা বা বুকিংয়ের প্রয়োজনে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।





















