দেশ পরিষ্কার রাখবে, বেশি করে গাছ লাগাবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দেশকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে নিজের একসময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি সেখানে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ’২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’
তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তবে শুধু আন্দোলনের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশ পুনর্গঠন এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।
রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ক্রমেই দূষিত হচ্ছে। এতে বিশেষ করে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়। তাই পরিবেশ রক্ষার দায়িত্ব নিজেদের জায়গা থেকেই পালন করতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’




















