ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএন-পলিটিকো-মএস নাও

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পরও হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পাচ্ছে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকরা। আদালতের নির্দেশে আপাতত ১৪ দিনের জন্য এই তিন সংবাদমাধ্যমের প্রেস-পাস পুনর্বহাল করতে হবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচারক টিমোথি কেলি এ অন্তর্বর্তী নির্দেশ দেন। এর আগে ট্রাম্প প্রশাসন ওই তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দিয়েছিল।
সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে আবেদন করলে শুনানি শেষে বিচারক কেলি বলেন, সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিলের ক্ষেত্রে সাংবিধানিক নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জাতীয় নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে ওই সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে। তবে বিচারক বলেন, প্রশাসন এ দাবির পক্ষে পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করতে পারেনি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, নিষেধাজ্ঞার সময় প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে আনেননি; বরং সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের সত্যতা ও নেতিবাচক কাভারেজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
বিচারক কেলির নির্দেশ অনুযায়ী, ১৪ দিনের জন্য সাংবাদিকদের প্রেস-পাস কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে মামলার পরবর্তী শুনানি চলবে এবং ট্রাম্প প্রশাসন নিজেদের অবস্থানের পক্ষে প্রমাণ উপস্থাপনের সুযোগ পাবে।
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এসব সংবাদমাধ্যম ‘মনগড়া ও মিথ্যা সংবাদ’ প্রকাশ করছে। পরে ওভাল অফিসেও তিনি সংবাদমাধ্যমগুলোর নেতিবাচক প্রতিবেদনের সমালোচনা করেন।
নিষেধাজ্ঞার পর তিন সংবাদমাধ্যম যৌথভাবে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেয়। তাদের অভিযোগ ছিল, সমালোচনামূলক সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদেও হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে কিছু সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ে বিরোধ তৈরি হয়েছিল। ২০১৭ সালে নিউইয়র্ক টাইমস, সিএনএন, লস অ্যাঞ্জেলেস টাইমস ও পলিটিকোর মতো সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছিল।

























