ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাইসহ ৩ জন

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তাঁর সঙ্গে আরও দুজন দলীয় নেতা মনোনয়ন ফরম নিয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ্ মাসুদ এবং আরেক সহসভাপতি সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়ন ফরম পূরণ করে জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) সভায় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় আসন শূন্য
বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মনোনয়নপ্রত্যাশী তিনজনের মধ্যে মির্জা ফয়সল আমিন বর্তমানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। এর আগে তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন।
ওবায়দুল্লাহ্ মাসুদ জেলা বিএনপির সহসভাপতি। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি ও জিএস ছিলেন।
অন্যদিকে সুলতানুল ফেরদৌস চৌধুরীও জেলা বিএনপির সহসভাপতি। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। একসময় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
আলোচনায় ছিলেন ফখরুলের মেয়ের নামও
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই ঠাকুরগাঁও-১ আসনে তাঁর উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমিনের পাশাপাশি বড় মেয়ে মির্জা শামারুহের নামও আলোচনায় আসে।
তবে মির্জা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। শেষ পর্যন্ত মির্জা শামারুহ বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
এখন ১৮ সেপ্টেম্বরের মনোনয়ন বোর্ডের সভায় এই তিনজনের মধ্য থেকে কে বিএনপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন, সেদিকেই তাকিয়ে ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীরা।























