চিরকুটে পাওনা টাকার কথা লিখে গিয়েছিলেন পুলক, মৃত্যুর পর মিলল ১০ লাখ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা তিন বছর পর পরিশোধ করেছে সংবাদপত্রটি। মৃত্যুর তিন দিন পর সোমবার (১৪ সেপ্টেম্বর) তার স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়।
সমকালের বর্তমান বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ সেপ্টেম্বর পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।
মৃত্যুর আগে পাওনা টাকার কথা চিরকুটে
এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলক চ্যাটার্জি দীর্ঘদিন বরিশালের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন এবং এ সময়ে গভীর মানসিক সংকটে ছিলেন বলে জানা গেছে।
মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গিয়েছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুটে সমকাল কার্যালয়ে থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি।
স্ত্রী-মেয়েকে রেখে গেলেন পুলক
পুলক চ্যাটার্জি স্ত্রী প্রিয়াঙ্কা ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ্য করে লেখা একটি চিরকুটে তিনি লিখেছেন, ‘আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।’
পারিবারিক সূত্র জানায়, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনার অনুরোধ করেছিলেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুলক আত্মহত্যা করেছেন। তবে উদ্ধার করা চিরকুটগুলো আসল কি না, তা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর বিস্তারিত কারণ ও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।






















