হামে পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকভাবেই অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ২৩১ শিশু আক্রান্ত বা সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৪ জন।
তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭২ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৫৯ জন। সব মিলিয়ে একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত বা সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩১।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের কারও মৃত্যুই এখন পর্যন্ত নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে শনাক্ত হয়নি। ফলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়লেও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫৪ জন।
সাড়ে পাঁচ মাসে ৯৭৯ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু।
সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯।
এর মধ্যে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হওয়ার পর হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ১৫০ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে।
ক্রমবর্ধমান রোগী ও মৃত্যুর সংখ্যা দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো অত্যন্ত জরুরি।


















