ওয়ারেছ আলী মামুন এমপি
স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এনসিপি

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি অভিযোগ করেছেন, এনসিপি স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আঁতাত করে বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালিও বের করা হয়।
ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকাকালে তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘ সময় দেশে ফিরতে দেওয়া হয়নি। সুদূর লন্ডনে অবস্থান করেও তিনি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছিলেন।
তিনি বলেন, “১৭ বছর নির্বাসিত জীবনে অক্লান্ত পরিশ্রম করে তারেক রহমান এদেশের প্রতিটি পেশাজীবী মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই আন্দোলনের শেষ পর্যায়ে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষ রাজপথে নেমে আসে। একটি সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্র মুক্ত হয়েছে।”
বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিএনপি বাংলাদেশের সবচেয়ে সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর একটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায় বলেও দাবি করেন তিনি।
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কথা উল্লেখ করে ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের মানুষ নতুন স্বপ্ন নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।
তিনি বলেন, “বাংলাদেশ আজ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাওয়ার সংগ্রাম করছে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি, বিরোধী দলের আসনে বসা স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।”
এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ছাত্র-যুব আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের একটি অংশ এনসিপি গঠন করে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে, দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্রে মেতেছে।”
তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, তাদের আন্দোলনের কারণেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তবে বিএনপি এর আগেও গণআন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি সে সময়ও আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনে ভূমিকা রেখেছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নিয়ে জামায়াতে ইসলামী তৎকালীন স্বৈরশাসক এরশাদের সঙ্গে আপস করেছিল।
ওয়ারেছ আলী মামুন বলেন, “৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে এ দেশে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী। তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, কিন্তু সুষ্ঠু ধারার রাজনীতি না করে আবারও ষড়যন্ত্রে মেতে উঠেছে।”
তিনি দাবি করেন, বিএনপি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
“বিএনপির সব নেতাকর্মী সর্বোচ্চ ধৈর্য ধারণ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করবে। আগামী দিনের বাংলাদেশকে জনকল্যাণমূলক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা হবে,” বলেন তিনি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার শপথ নেওয়ার আহ্বানও জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য নেতারা।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

















