দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা
নিম্নচাপের প্রভাবে ৫ দিন বাড়তে পারে বৃষ্টি

- সংবাদ প্রকাশের সময় : ০২:২৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে নদ-নদীর পানি দ্রুত বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও আকস্মিক বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছে। ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি দুর্বল হয়ে পড়তে পারে।
তবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হতে পারে।
আজ কোথায় বেশি বৃষ্টি?
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৯ আগস্ট রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২০ আগস্টও একই অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এরপর ২১ ও ২২ আগস্ট দেশের বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাড়ছে নদ-নদীর পানি
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুই দিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় টেকনাফে ২২১ মিলিমিটার এবং চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এরই মধ্যে সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বাড়ছে।
আগামী ২৪ ঘণ্টায় হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উপকূলে বাড়ছে জোয়ারের চাপ
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি উচ্চতার জোয়ার দেখা যাচ্ছে। এই পরিস্থিতি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।
বর্তমানে দেশের প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও অতিরিক্ত বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ার—এই তিনের সম্মিলিত প্রভাবে দক্ষিণ-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে।
তাই নদী ও পাহাড়ি ছড়ার কাছাকাছি এবং নিচু এলাকায় বসবাসকারীদের আগামী কয়েক দিন বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




















