প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ৯ আগস্ট (রোববার) কক্সবাজার ও চট্টগ্রামে দিনব্যাপী একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
পরে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ায় গিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন। সেখানে ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
দুপুরে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন।
এরপর হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নিয়ে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঘর নির্মাণের জন্য জনপ্রতি এক লাখ টাকা এবং ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন।
সন্ধ্যায় নগরীর একটি পাঁচতারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে। রাতেই ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের বিএনপি। দক্ষিণ জেলা বিএনপির নেতারা জানান, সফরকে সফল করতে স্বাগত আয়োজন ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হওয়ায় তারা উচ্ছ্বসিত।
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী বন্যাকবলিত মানুষের পুনর্বাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা সাংগঠনিক সভায় অংশ নেবেন। পাশাপাশি দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করা কয়েকজন সিনিয়র নেতাকেও আমন্ত্রণ জানানো হবে।
এদিকে, সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।






















