সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

- সংবাদ প্রকাশের সময় : ০৪:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ভারতে পালানোর সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে যশোর পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার পরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার সকাল ১০টায় তাদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে ডেভিড ইমন, তার সহযোগী মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আলভি ইসলাম আলিপ।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশন অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের টিম যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। এসময় সেখানে চেকপোস্ট বসিয়ে তিন সঙ্গীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন যে, তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য যশোর এসেছিলেন। পরে বুধবার সকাল ১০টায় তাদেরকে চট্টগ্রাম পুলিশের জিম্মায় দিয়ে দেওয়া হয়।




















