যশোরে যুবককে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
যশোরে শরিফুল ইসলাম জিতু (৩৫) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার সুমন (৩২) তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করছে পুলিশ। এ ঘটনায় সুমনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
নিহত জিতু যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। অভিযুক্ত সুমনও একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে যশোর শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় বসে ছিলেন জিতু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিতুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল কুমার দেব, একই বিভাগের চিকিৎসক মাসুম রেজার বরাত দিয়ে জানান, রাত ১১টা ৫৮ মিনিটে জিতুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জিতুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমন নামে একজনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ জানায়, নিহত শরিফুল ইসলাম জিতুর বিরুদ্ধে এর আগে আটটি মামলা রয়েছে।

























