১০ বছর বড় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই বিচ্ছেদ? বিতর্কে ফরাসি ফুটবলার মাইকেল

- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এসেছেন ফ্রান্সের তারকা ফুটবলার মাইকেল ওলিসে। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের বিরুদ্ধে নিজের কন্যাসন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ তুলেছেন তার সাবেক প্রেমিকা, ৩৪ বছর বয়সী ফাতিমা যোনব্রিশার।
জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা দাবি করেন, ইংল্যান্ডের ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলার সময় প্রায় দুই বছর ওলিসের সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার মাত্র দুই সপ্তাহ পরই ওলিসে সম্পর্কের ইতি টানেন। পরে ২০২৪ সালে ওলিসে বায়ার্ন মিউনিখে যোগ দিলে মিউনিখে করা পিতৃত্ব পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, তার ২০ মাস বয়সী কন্যাসন্তানের বাবা ওলিসেই।
ফাতিমার অভিযোগ, সন্তানের ভরণপোষণের জন্য প্রথমে তিনি মাসিক প্রায় ৯১ হাজার টাকা দাবি করেছিলেন। পরে সেটি বাড়িয়ে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা করার আবেদন জানান। কিন্তু গত দুই বছরে ওলিসের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাননি বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, “নিজের সন্তানের প্রতি ওর এমন আচরণ কষ্ট দেয়।” তিনি আরও অভিযোগ করেন, ওলিসের আইনজীবী তাকে সন্তানের জন্য পুরোনো পোশাক কেনার পরামর্শ দেন। এছাড়া গত দুই বছরে ওলিসে একবারও সন্তানের সঙ্গে দেখা করেননি বা যোগাযোগ করেননি; সব যোগাযোগই আইনজীবীদের মাধ্যমে হয়েছে বলে দাবি তার।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মাইকেল ওলিসের পক্ষ। তার প্রতিনিধির দাবি, শুরু থেকেই বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করতে ওলিসে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি তারা অভিযোগ করেন, ফাতিমা মাসিক প্রায় ৬৬ লাখ টাকা ভরণপোষণ দাবি করেছিলেন, যা অযৌক্তিক।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিশ্বকাপে মাইকেল ওলিসে ৮ ম্যাচে ৭টি অ্যাসিস্ট করে আলোচনায় ছিলেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

























