আ’ লীগের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ৫ জেলায় মাঠে নামল বিজিবি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের পাঁচটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এছাড়া পরিস্থিতি অনুযায়ী দেশের অন্যান্য জেলাতেও প্রয়োজন হলে দ্রুত মোতায়েনের জন্য বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে একই সময়সীমায় ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ২৩ জুন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৮ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরেই বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল দেখা যাচ্ছে। এ ঘটনায় একাধিক গ্রেপ্তারও হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



















