বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৫২ হাজার ১০০ টাকা।
শনিবার (৬ জুন) ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করেন।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ২৩৯টি বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস সামগ্রী, ২০টি শাড়ি, ১৭০টি চকলেট, ১৬টি জর্দার প্যাকেট, ৭ প্যাকেট পানমসলা এবং ২টি থ্রি-পিস।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অবৈধ পণ্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।




















