বরিশালে ধরা পড়ল দুই শিশু-নানি হত্যা মামলার মূল আসামি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
খুলনার চাঞ্চল্যকর দুই শিশু ও তাদের নানি হত্যার মামলার প্রধান আসামি রফিকুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (৫ জুন) দুপুরে তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল। গ্রেপ্তার রফিকুল হাওলাদার ট্রাকচালক এবং তিনি দৌলতপুর থানার বাসিন্দা আলমগীর হাওলাদারের ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বরিশালের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, র্যাব সদস্যরা দুপুরে রফিকুল হাওলাদারকে থানায় হস্তান্তর করেছেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। একই সঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগম মেরিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৯ মে সন্ধ্যায় খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবী বেগম এবং তার দুই নাতি শামীম ও মুস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই শিশু দুটির সৎ বাবা রফিকুল হাওলাদার নিখোঁজ ছিলেন। এ কারণে শুরু থেকেই সন্দেহের কেন্দ্রে ছিলেন তিনি। অবশেষে র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হলো।




















