সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের বিপরীতে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এ তালিকায় রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীর নামও অন্তর্ভুক্ত রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, বৈধ ৪৯ প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রয়েছেন ৩৬ জন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত ১২ জন প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীও বৈধতা পেয়েছেন।
বিএনপির তালিকায় দলের সিনিয়র নেত্রীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক ও আন্না মিনজ। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান এবং মাহমুদা আলম মিতুসহ ১২ জন মনোনীত হয়েছেন। তবে জোটের প্রাথমিক তালিকায় থাকা মনিরা শারমীনের নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি।
এছাড়া সুলতানা জেসমিন নামে একজন প্রার্থী স্বতন্ত্রভাবে প্রার্থিতা বৈধ করতে সক্ষম হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, তালিকা প্রকাশের পর এখন পরবর্তী নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী এই ৪৯ জন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।






















