২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬৪
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জনের হাম নিশ্চিত ছিল, আর বাকি ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এর কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৬৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৪২১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যাদের বড় একটি অংশই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে। এর মধ্যে ৪ হাজার ৬০৩ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২১ হাজার ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৫৫ জন।
প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২১৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণ বেশি হওয়ায় টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি এখন সবচেয়ে জরুরি।





















