এলজিআরডি মন্ত্রী
তেলের সংকট নয়, অনৈতিক ব্যবসায়ীদের কারসাজিতে বাজার অস্থির
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই; বরং কিছু অসাধু ব্যবসায়ীর অনৈতিক কার্যকলাপের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে এবং এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তেলের দাম বৃদ্ধি পেলেও এটি সরবরাহ ঘাটতির কারণে নয়, বরং কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটছে।
তিনি আরও বলেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ তেলের বাজারকে অস্থিতিশীল করতে না পারে।
অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সহায়তা বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ৬৫৮টি পরিবারকে ৫৭৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ২০ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ৬৫ জনকে ৩ লাখ ২৫ হাজার টাকার চেক এবং ৮৮টি মসজিদ ও মন্দিরে ৯০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















