পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতি বাড়াবে যুক্তরাষ্ট্র, অবরোধ বহাল: ট্রাম্প
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ইরানের সঙ্গে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পাকিস্তানের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ অব্যাহত থাকবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখেছেন।
চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি এখনো অনিশ্চিত।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফরও বাতিল করা হয়েছে। তিনি মঙ্গলবার পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ওয়াশিংটন ছাড়েননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।
অন্যদিকে, আলোচনায় অংশ নিতে ইরান এখনো পাকিস্তানে প্রতিনিধিদল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
গত ৮ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান, যার মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা। এর মধ্যেই কোনো সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করেছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বাড়লেও আলোচনায় অগ্রগতি না হলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে।

























