দুই ইসরায়েলি চরকে মৃত্যুদণ্ড দিল তেহরান
মোসাদের নীলনকশায় ইরানকে রক্তাক্ত করার ছক!
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে চরবৃত্তির অভিযোগে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির বিচারব্যবস্থা জানিয়েছে, তারা তেহরানকে অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত ছিল।
ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান’-এর প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের নাম মহম্মদ মাসুম শাহী ও হামেদ ভালিদী। অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে মোসাদের সঙ্গে যোগাযোগ রেখে ইরানের সামরিক কৌশল ও গোপন নথি তেল আভিভ-এ পাঠিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা ইরাকের কুর্দিস্তানসহ বিভিন্ন বিদেশি স্থানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিল। ‘ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা’ এবং শত্রু গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার মতো অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালতও এই মৃত্যুদণ্ড বহাল রাখে।
এদিকে, গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আরও চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন নারী—বিটা হেম্মাতি। এই প্রথম কোনো নারীকে এ ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলো বলে জানা গেছে, যদিও তা এখনো কার্যকর হয়নি।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকারবিরোধী মত দমনে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

























