ট্রেনের টিকিট পেতে যুদ্ধ, বাসে নেই ভিড়
- সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
ঈদযাত্রার ঘরমুখী মানুষের জন্য রেলওয়ে ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) থেকে ট্রেনের টিকিট অনলাইনে ও বাসের টিকিট অনলাইনের পাশাপাশি কাউন্টারে বিক্রি হচ্ছে টিকিট। ট্রেনের টিকিট পেতে একরকম যুদ্ধ হচ্ছে, অন্যদিকে বাসের টিকিট কাটতে ভিড় দেখা যায়নি।
শনিবার (১৫ মার্চ) বিক্রি হচ্ছে ২৫ মার্চের অগ্রিম টিকিট। অগ্রিম টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হচ্ছে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।
এবার ঈদ যাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসনসংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি। যাত্রীদের সুবিধার্থে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। যাত্রীসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্ত নগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গতকাল ১৪ মার্চ।
এ ছাড়া ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।
এছাড়া চাঁদ দেখার উপরে নির্ভর করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।
এছাড়া বিগত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার সেটি কমিয়ে ৫ জোড়া করা হয়েছে।
যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এ ক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন।
সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনালগুলোয় গিয়ে দেখা যায়, ঈদযাত্রায় অগ্রিম টিকিট কিনতে প্রথম দিন ভিড় নেই যাত্রীদের। যদিও বাংলাদেশ বাস-ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় বাস টার্মিনালগুলোতে। বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের বেশি চাহিদা শেষের দিকের যাত্রার টিকিটে।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, টিকিট মোটামুটি বিক্রি হচ্ছে। তবে যাত্রীদের চাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে ২৫, ২৭ ও ২৮ তারিখের টিকিটের জন্য। আমাদের প্রতিটা রুটে শিডিউল অনুযায়ী যেসব গাড়ি চলে তার বাইরেও চার-পাঁচটি অতিরিক্ত গাড়ি চালানো হবে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য। তবে সড়কের অবস্থা নিয়ে আমরা কিছুটা চিন্তায় আছি। উত্তরাঞ্চলের মহাসড়কে কাজ চলছে।






















