হবিগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জের পৌরশহরে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
হবিগঞ্জ সদর ক্যাম্পের তত্ত্বাবধানে সেনাবাহিনী ট্রাফিক পুলিশ ও সদর মডেল থানা পুলিশ সহ এ যৌথ অভিযান বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টা থেকে রাত১০ টা পর্যন্ত চালায়।
অভিযানে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে জরিমানা করা হয়। এতে শতাধিক গাড়ি তল্লাশি করে বেশ কয়েকটি গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় জব্দ করা হয়।
হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানান, হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী বিভিন্ন যানবাহনে কাগজপত্র তল্লাশি করে। অভিযানে প্রায় ৮টি গাড়িকে জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে হবিগঞ্জ শহরে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনাবাহিনী সহ থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।


























