নবান্নে জামাই-স্বজনের মিলনমেলা, পাঁচশিরার মাছের মেলায় ২৭ কেজির কাতলা
- সংবাদ প্রকাশের সময় : ০১:০০:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অগ্রহায়ণের কুয়াশাভেজা সকাল। হেমন্তের হালকা শীত উপেক্ষা করে দল বেঁধে মানুষ ছুটছেন জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে। কারও হাতে বাজারের ব্যাগ, কেউ এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে। সবার গন্তব্য নবান্ন উপলক্ষে বসা ঐতিহ্যবাহী এক দিনের মাছের মেলা। বড় মাছ কেনা, দরদাম আর স্বজনদের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে মেলাটি পরিণত হয়েছে গ্রামীণ উৎসব ও মিলনমেলায়।
বাজারের রঙিন কাপড়ে সাজানো বিশাল প্যান্ডেলের নিচে সারি সারি সাজানো নানা প্রজাতির বড় বড় মাছ। রুই, কাতলা, চিতল, বিগহেড, সিলভার কার্প, কালবাউশ, গ্রাস কার্প, পাঙাশ, ব্লাড কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের পসরা বসেছে সেখানে। এ বছর মেলায় সর্বোচ্চ ২৭ কেজি ওজনের কাতলা মাছ উঠেছে। ছোট মাছ থেকে শুরু করে ৫ থেকে ২৭ কেজি ওজনের মাছ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
প্রতি বছরের মতো এবারও নবান্ন উপলক্ষে এক দিনের জন্য বসেছে এ মেলা। কালাই উপজেলার ৭০ থেকে ৮০টি গ্রামের পাশাপাশি জয়পুরহাট ও আশপাশের জেলার মানুষও এতে অংশ নিয়েছেন। মেলাকে কেন্দ্র করে অনেক পরিবার আগে থেকেই মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনকে দাওয়াত করে। দূরদূরান্ত থেকে পিকআপ, ভটভটি ও ট্রাকে করে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। পুকুরের মাছের পাশাপাশি রুপচাঁদা, গলদা চিংড়ি, পাবদা, গুলশা ও বাইমের মতো মাছও পাওয়া যাচ্ছে।
মেলায় কেউ মাছের দরদাম করছেন, কেউ পছন্দের মাছ কিনছেন। আবার কেউ বড় মাছের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। মাছের পসরা ঘিরে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর মানুষের ভিড়ে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
উপজেলার দুধাইল গ্রামের রিজন সরকার বলেন, বছরের এই একটি দিনের জন্য আলাদা প্রস্তুতি থাকে তাঁর। সারা বছর ব্যবসার ব্যস্ততায় শখের স্ত্রী ও সন্তানের জন্য বড় মাছ কেনা হয়ে ওঠে না। তাই মেলাকে কেন্দ্র করে বড় মাছ কেনার চেষ্টা করেন। এবার মেলা থেকে প্রায় ১৭ হাজার টাকায় একটি কাতলা মাছ কিনেছেন তিনি।
রাঘতপুর গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, বছরের অন্য কোনো দিনে গ্রামে এত মানুষের সমাগম দেখা যায় না। নবান্নের এই এক দিনের মেলা পুরো এলাকাকে মানুষের মিলনমেলায় পরিণত করে। মাছের পাশাপাশি শিশুদের খেলনা ও নানা সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও বসে। ফলে পরিবার নিয়ে আসা মানুষের জন্য এটি হয়ে ওঠে আনন্দের আয়োজন।
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকা থেকে স্বামী সোহাগকে নিয়ে মেলায় এসেছেন কালাইয়ের মাত্রাই তালুকদারপাড়ার মেয়ে রুমি। তাঁরা বলেন, এ মেলা শুধু মাছ কেনার জায়গা নয়, শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে সম্পর্কের টানও এখানে জড়িয়ে আছে। বহু বছর ধরে নিয়ম করে তাঁরা মেলায় আসেন।
উপজেলার গাড়োইল গ্রামের শিক্ষক মর্তুজা বলেন, নবান্ন উপলক্ষে প্রতিবছর শ্বশুরবাড়ির দাওয়াতে এসে পরিবার নিয়ে মেলা ঘুরে দেখেন। এবারও কিছু মাছ কিনেছেন। তবে গত বছরের তুলনায় এবার মাছের দাম কিছুটা বেশি মনে হয়েছে তাঁর।
ইমামপুর গ্রামের জামাই ও দন্তচিকিৎসক আতিকুরও প্রতিবছর এ মেলায় আসেন। এবার তিনি ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছেন। তাঁর ভাষ্য, পছন্দের মাছ কিনে নিয়ে যাওয়ার আনন্দই আলাদা। তবে এবার দাম কিছুটা বেশি মনে হচ্ছে।
দাম বেশি, তবু বড় মাছের চাহিদা
মাছ বিক্রেতা বাইজিদ জানান, মেলায় মাঝারি আকারের মাছ প্রতি কেজি ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার বেচাকেনা কিছুটা কম হলেও ক্রেতাদের উপস্থিতি ভালো থাকায় উল্লেখযোগ্য পরিমাণ মাছ বিক্রি হচ্ছে।
আরেক বিক্রেতা রেজাউল বলেন, সারা বছর তাঁরা এ মেলার অপেক্ষায় থাকেন। বিশেষ করে জামাইদের মধ্যে বড় মাছ কেনার আগ্রহ বেশি। এ কারণে মেলায় বড় আকারের মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। দরদাম শেষে ক্রেতারা পছন্দের মাছ কিনে নেন। এক দিনেই ভালো বিক্রি হয় বলে জানান তিনি।
মেলার আয়োজক আব্দুল লতিফ বলেন, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বড় বড় পুকুর, দীঘি ও নদী থেকে মাছ সংগ্রহ করে মেলায় আনা হয়। গত বছরের তুলনায় এবার মাছের আমদানি কিছুটা কম। তবে ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী মাছ কিনছেন।
তিনি জানান, আকারভেদে সিলভার কার্প প্রতি কেজি ৩০০ থেকে ৬০০ টাকা, বিগহেড কার্প ৪০০ থেকে ৮০০ টাকা, রুই ৪০০ থেকে ১ হাজার টাকা এবং কাতলা ৪৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মেলায় সর্বোচ্চ ২৭ কেজি ওজনের একটি কাতলা মাছ উঠেছে।
কালাই উপজেলা মৎস্য বিভাগের সহকারী কর্মকর্তা মো. সোহেল ইসলাম বলেন, মেলাকে কেন্দ্র করে মাছচাষি ও ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ নিয়ে আসেন। এখানে প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়। মৎস্য বিভাগ নিয়মিত মাছচাষিদের পরামর্শ দিয়ে থাকে। পাশাপাশি মেলায় যাতে কেউ বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারে, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, মাছের মেলা স্থানীয় ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত রাখে। মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
নবান্নের নতুন ধান ঘরে তোলার আনন্দের সঙ্গে পাঁচশিরার এই মাছের মেলা যুক্ত করেছে আরেকটি উৎসবের উপলক্ষ। বড় মাছ কেনা, জামাই-স্বজনের আপ্যায়ন আর মানুষের মিলন—সব মিলিয়ে এক দিনের এই আয়োজন হয়ে উঠেছে এলাকার বহুদিনের ঐতিহ্য।






















