ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ড্রাইভিং লাইসেন্স পেতে এখন আর আবেদন থেকে শুরু করে লাইসেন্স সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে বিআরটিএ কার্যালয়ে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ঘরে বসেই ই-ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা যাবে। এ জন্য আবেদনকারীকে মূলত দুটি ধাপ অনুসরণ করতে হবে—প্রথমে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স নেওয়া, এরপর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত লাইসেন্সের আবেদন করা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পুরো প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
প্রথম ধাপ: লার্নার লাইসেন্সের আবেদন
ড্রাইভিং লাইসেন্স পেতে প্রথমেই বিআরটিএর সার্ভিস পোর্টাল (বিএসপি)-এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে কাগজপত্র আপলোডের মাধ্যমে অনলাইনে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের আবেদন করতে হবে।
এ জন্য আবেদনকারীর প্রয়োজন হবে মেডিক্যাল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইউটিলিটি বিল এবং শিক্ষাগত যোগ্যতার সনদ।
লার্নার লাইসেন্সের ক্ষেত্রে এক ক্যাটাগরিতে আবেদন করতে ফি দিতে হবে ৫১৮ টাকা। আর দুই ক্যাটাগরিতে আবেদন করলে ফি নির্ধারণ করা হয়েছে ৭৪৮ টাকা।
দ্বিতীয় ধাপ: চূড়ান্ত লাইসেন্স পেতে পরীক্ষা
লার্নার লাইসেন্স পাওয়ার পর নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে আবেদনকারীকে। এসব পরীক্ষায় উত্তীর্ণ হলেই বিএসপি পোর্টালের মাধ্যমে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে।
চূড়ান্ত লাইসেন্সের ক্ষেত্রে অপেশাদার চালকদের দিতে হবে ৪ হাজার ৬২৮ টাকা। আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৩২ টাকা।
তবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের জন্য ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদন অনুমোদিত হলে ঘরে বসেই ই-ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারবেন আবেদনকারী।
বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত আবেদন ফি ছাড়াও অনলাইন পেমেন্ট গেটওয়ের প্রযোজ্য চার্জ পরিশোধ করতে হবে।





















