শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বায়ুদূষণ, বাজির ধোঁয়া ও ঋতু পরিবর্তনের প্রভাব শিশুদের শ্বাসযন্ত্রের ওপর বড়দের তুলনায় বেশি পড়তে পারে। বিশেষ করে অ্যাজমা বা অ্যালার্জিতে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। তবে শিশুর সর্দি-কাশি হলেই সেটিকে সাধারণ ঠান্ডা কিংবা দূষণের প্রভাব বলে ধরে নেওয়া ঠিক নয়। ভাইরাসজনিত সংক্রমণও এর কারণ হতে পারে। তাই উপসর্গের ধরন বুঝে সতর্ক হওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এমন পরামর্শ দিয়েছেন ভারতের মণিপাল হসপিটাল, সল্টলেকের সিনিয়র কনসালট্যান্ট পেডিয়াট্রিশিয়ান ডা. শমীক ঘোষ।
শিশুদের শ্বাসযন্ত্রে দূষণের প্রভাব বেশি কেন?
শিশুদের শ্বাসনালি বড়দের তুলনায় সরু। এ ছাড়া শ্বাসনালির ভেতরের আবরণও তুলনামূলক সংবেদনশীল। ফলে ধুলা, বালি, ধোঁয়া কিংবা ভাইরাসের সংস্পর্শে এলে দ্রুত প্রদাহ তৈরি হতে পারে। শ্বাসযন্ত্রের প্রাথমিক সুরক্ষাব্যবস্থার অংশ নাকের ভেতরের লোম ও শ্লেষ্মার স্তর। শিশুদের ক্ষেত্রে এই প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি পরিণত না হওয়ায় দূষণের প্রভাব বেশি পড়তে পারে।
দূষণের সংস্পর্শে এলে হাঁচি, নাক দিয়ে পানি পড়া ও কাশির মতো উপসর্গ দেখা দিতে পারে। সাধারণ সর্দি-কাশি সব সময় উদ্বেগের কারণ না হলেও কিছু লক্ষণকে অবহেলা করা উচিত নয়। কাশির তীব্রতায় শিশু সারারাত ঘুমাতে না পারলে, কাশতে কাশতে বমি হলে কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ছোট শিশুর দুধ খেতেও সমস্যা হতে পারে।
আগে থেকে অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা থাকলে চিকিৎসকের দেওয়া অ্যাজমা কেয়ার প্ল্যান অনুসরণ করতে হবে। পাশাপাশি শিশুকে দূষিত পরিবেশ ও অতিরিক্ত ধোঁয়া থেকে দূরে রাখতে হবে এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ দিতে হবে।
শব্দবাজি ও আতশবাজিতে কান-চোখের ক্ষতি
কালীপুজো বা দীপাবলির সময় অতিরিক্ত শব্দবাজি ও পটকার আকস্মিক বিকট শব্দ শিশুদের শ্রবণশক্তির ক্ষতি করতে পারে। বিশেষ করে কানের কাছাকাছি বিস্ফোরণ ঘটলে কানের ভেতরের সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
হঠাৎ কানে ব্যথা, কানে অস্বাভাবিক শব্দ শোনা কিংবা শ্রবণশক্তি কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। অন্যদিকে আতশবাজির ফুলকি থেকে চোখে আঘাত লাগতে পারে। চোখ লাল হওয়া বা পানি পড়ার মতো উপসর্গ দেখা দিলেও চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
উৎসবের খাবারেও সতর্কতা জরুরি
উৎসবের সময়ে মিষ্টি, লাড্ডুসহ নানা খাবারের প্রতি শিশুদের আকর্ষণ বাড়ে। বাইরে খাওয়াদাওয়া ও সামাজিক জমায়েতও বেড়ে যায়। এ সময় খাবারের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি শিশুর বয়স অনুযায়ী খাবার পরিবেশন করা জরুরি।
শক্ত খাবার ভালোভাবে না চিবিয়ে গিলে ফেললে তা শ্বাসনালিতে আটকে শ্বাসরোধের পরিস্থিতি তৈরি করতে পারে। তাই সন্তান কী খাচ্ছে, কতটা খাচ্ছে এবং খাবারটি তার বয়সের উপযোগী কি না, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।
শিশুর ভয় ও অস্বস্তিকে গুরুত্ব দিন
সব শিশু বাজির শব্দ বা আলোর ঝলকানি উপভোগ করে না। হঠাৎ জোরে শব্দ, তীব্র আলো, ভিড় এবং দৈনন্দিন রুটিনের পরিবর্তনে অনেক শিশু ভয় বা অস্বস্তি অনুভব করতে পারে।
শিশু বাজির শব্দে ভয় পেলে কিংবা বাইরে যেতে না চাইলে তাকে জোর করা উচিত নয়। বরং তার অনুভূতিকে গুরুত্ব দিয়ে ঘরের ভেতরেই আনন্দের পরিবেশ তৈরি করা যেতে পারে।
দূষণের ভয়ে খেলাধুলা বন্ধ নয়
উৎসবের পরও কয়েক দিন বাতাসে দূষণের প্রভাব থাকতে পারে। শীতের শুরুতে আবহাওয়ার পরিবর্তন ও বাতাসে দূষিত কণার উপস্থিতি শ্বাসযন্ত্রের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তবে দূষণের ভয়ে শিশুদের খেলাধুলা বা শরীরচর্চা পুরোপুরি বন্ধ করে দেওয়া ঠিক নয়।
বাতাসের মান তুলনামূলক ভালো থাকলে পরিচ্ছন্ন ও খোলামেলা পরিবেশে খেলাধুলার অভ্যাস বজায় রাখা যেতে পারে। এ ক্ষেত্রে বাড়ির ছাদ বা পরিচ্ছন্ন পার্ক বিকল্প হতে পারে। তবে দূষণের মাত্রা বেশি থাকলে বাইরে শারীরিক পরিশ্রম সীমিত রাখা প্রয়োজন।
ভাইরাসের সংক্রমণ, নাকি দূষণের প্রভাব?
দূষণ ও ভাইরাসজনিত সংক্রমণ—দুই ক্ষেত্রেই হাঁচি, সর্দি ও কাশি হতে পারে। জ্বর থাকলে ভাইরাস বা অন্য কোনো সংক্রমণের সম্ভাবনা বিবেচনা করতে হয়। তবে জ্বর না থাকলেও সংক্রমণ একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
তাই শুধু উপসর্গ দেখে নিজে নিজে রোগ নির্ণয় করা ঠিক নয়। সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর প্রবণতা থেকেও বেরিয়ে আসতে হবে। কারণ ভাইরাসজনিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। শিশুর ক্ষেত্রে ওষুধের প্রয়োজনীয়তা ও ধরন চিকিৎসকই নির্ধারণ করবেন।
ফ্লু থেকে সুরক্ষায় টিকার ভূমিকা
ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণের ঝুঁকি কমাতে টিকাকরণ গুরুত্বপূর্ণ। কোনো কোনো শিশুর ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা গুরুতর আকার নিতে পারে। এতে শ্বাসকষ্ট, অক্সিজেনের প্রয়োজন কিংবা দীর্ঘমেয়াদি চিকিৎসার পরিস্থিতি তৈরি হতে পারে।
বিশেষ করে অ্যাজমা বা দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত শিশুদের প্রতিবছর ফ্লুর টিকা নেওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ জরুরি। এই টিকা সব ধরনের সর্দি-কাশি প্রতিরোধ করে না; তবে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। টিকা নেওয়ার পর শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগে। তাই উপযুক্ত সময় নিয়ে আগেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত।
পুষ্টি ও শরীরচর্চায় নজর
শিশুর রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে সুষম পুষ্টির বিকল্প নেই। খাবারে ভাত, ডাল, মাছ ও মাংসের পাশাপাশি পর্যাপ্ত শাকসবজি, শসা, টম্যাটো এবং মৌসুমি গোটা ফল রাখা প্রয়োজন।
ভিটামিন ডি, আয়রন ও ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি যেন না হয়, সেদিকেও নজর দিতে হবে। ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা ভালো। পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট খেলাধুলা বা শরীরচর্চা শিশুর সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।






















