গণরায় উপেক্ষা করলে জনগণই লালকার্ড দেখাবে: গোলাম পরোয়ার

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
গণরায়ের প্রতি সম্মান না দেখালে জনগণ উপযুক্ত সময়ে লালকার্ড দেখিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, জনগণের হাতে সেই লালকার্ড রয়েছে, সময় হলেই তা দেখানো হবে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোলাম পরোয়ার বলেন, ঢাকা থেকে যশোরে আসার পথে সড়কের দুই পাশে লাখ লাখ মা-বোন ও সাধারণ মানুষের উপস্থিতি তাঁদের বিস্মিত ও অভিভূত করেছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার হাজারো নারী-পুরুষ এগারো দলের আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংগ্রামের প্রতি সংহতি জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।
সরকারের উদ্দেশে জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনের আট মাস পরও নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ রয়েছে। আগামী ৯ নভেম্বরের সংসদ অধিবেশনে ভুল স্বীকার করে একদলীয় সংবিধান সংশোধনের ‘বাকশালি স্টাইল’ থেকে সরে আসার আহ্বান জানান তিনি। রাজনৈতিক সংকটকে সংঘাতের দিকে না ঠেলে সংসদের ভেতরেই সমাধানের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
সরকারের আট মাসের কার্যক্রমের সমালোচনা করে গোলাম পরোয়ার বলেন, দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি এবং সার, গ্যাস ও বিদ্যুৎসংকটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পরিস্থিতির উন্নতি না হলে এক দফার কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া হেফাজতে ইসলামের আমির আল্লামা মামুনুল হক, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।













