রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
রাজপরিবারের বধূ হয়েও লন্ডনের রাস্তায় মাদকাসক্ত অবস্থায় পড়ে থাকার ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন মাহরাহ আল নাহিয়ান। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী শিশুপুত্র। ঘটনাটি আদালত পর্যন্ত গড়ানোর পর এবার তাঁর সাজা ঘোষণা করা হয়েছে। আদালত তাঁকে তিন মাসের জন্য পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জরিমানা করা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় আট লাখ টাকা।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত জুনে লন্ডনের একটি রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৩২ বছর বয়সী মাহরাহকে। তাঁর শিশুপুত্রটি খালি পায়ে ফুটপাতে ঘুরে বেড়াচ্ছিল। কাছেই আরেক ব্যক্তিকেও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহরাহকে উদ্ধার করে।
পরে জ্ঞান ফেরার পর জিজ্ঞাসাবাদে তাঁর পরিচয় জানা যায়। মাহরাহ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শাসকগোষ্ঠী আল নাহিয়ান পরিবারের সঙ্গে বিবাহসূত্রে যুক্ত। তবে রাজপরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাহরাহ দীর্ঘদিন ধরে কোকেনসহ বিভিন্ন মাদকে আসক্ত। রাজপরিবারের সদস্য হয়েও প্রকাশ্যে এমন পরিস্থিতিতে তাঁকে পড়ে থাকতে দেখার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আদালতে বিচার, পাঠানো হলো পুনর্বাসন কেন্দ্রে
ঘটনাটি নিয়ে প্রায় চার মাস ধরে বিচারপ্রক্রিয়া চলে। মাহরাহর আইনজীবী আদালতে জানান, নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি এবং ভবিষ্যতে মাদক সেবন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত তিন মাস পুনর্বাসন কেন্দ্রে থাকতে হবে মাহরাহকে। এর পাশাপাশি তাঁকে প্রায় আট লাখ টাকা জরিমানা দিতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, রিহ্যাবের মেয়াদ শেষ হওয়ার পরও মাদকাসক্তি থেকে মুক্ত থাকতে চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাহরাহ।
ঘটনাটি রাজপরিবারের পরিচয় ও সম্পদের বাইরে মাদকাসক্তির ব্যক্তিগত ও পারিবারিক পরিণতি নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে আদালতের সুনির্দিষ্ট রায় ও মামলার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।






















