রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসের উন্নয়নে নতুন ভবন ও রেকর্ড রুম নির্মাণের আশ্বাস
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ ও রেকর্ড রুম স্থাপনের আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি বলেছেন, রূপগঞ্জের সাব-রেজিস্ট্রি অফিসকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে সারা দেশের মানুষ এসে তা দেখতে পারে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, রূপগঞ্জের দুটি সাব-রেজিস্ট্রি অফিস থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও দীর্ঘদিন ধরে এখানকার অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এখনো জরাজীর্ণ পরিবেশে দলিল লেখক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ করতে হচ্ছে। একটি সাব-রেজিস্ট্রি অফিসে মাত্র একজন কর্মী দিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়টিও উদ্বেগজনক।
তিনি বলেন, রাজস্বের অর্থ রূপগঞ্জের উন্নয়নে ব্যয় করা গেলে স্থানীয় মানুষ আরও বেশি উপকৃত হতেন।
সংসদ সদস্য বলেন, ‘আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, অতি শিগগিরই এখানে সুন্দর একটি স্থাপনা হবে, যাতে সারা বাংলাদেশের মানুষ এসে দেখতে পারে। এখানে একটি রেকর্ড রুমও করা হবে।’
তিনি আরও বলেন, ১৯০৪ সাল থেকে সংরক্ষিত যেসব কাগজপত্র প্রয়োজন হবে, সেগুলোর জন্য আর নারায়ণগঞ্জ বা ঢাকায় খোঁজাখুঁজি করতে হবে না। রূপগঞ্জ থেকেই এসব নথি পাওয়া যাবে। এ কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।
রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মাসুম ও দলিল লেখক শাহীন মিয়া সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বাবুল বলেন, ১৯০৮ সালে রূপগঞ্জ রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এ অফিসের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে আসছে। তিনি জানান, ১৯৯০ সালে দলিল লেখকের লাইসেন্স পান এবং ২০০৭ সালে দলিল লেখক সমিতির সভাপতি হন।
তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির কোনো দলিল লেখক লাইসেন্স পাননি। এ সময় রূপগঞ্জের বিএনপি, ছাত্রদল ও যুবদলের বেকার কর্মীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের দলিল লেখকের লাইসেন্স দেওয়ার জন্য সংসদ সদস্যের কাছে অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা এবং রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার মজিবুর রহমান।
এ ছাড়া রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল জলিল মিয়াসহ সংশ্লিষ্ট সমিতির কার্যকরী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
























