রাণীশংকৈলে বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়ে মানব কল্যাণ পরিষদের হোপ প্রকল্পের সিএসওর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সিএসও সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। এতে বক্তব্য দেন মানব কল্যাণ পরিষদের হোপ প্রকল্পের সমন্বয়কারী রাশেদুল ইসলাম লিটন, সাংবাদিক মাহাবুব আলম, সিএসওর ভারপ্রাপ্ত সম্পাদক দিলরুবা খানম, সদস্য মনিরা বেগম ও অভিষেক রায় এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম ও শাহিনুর ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব, এর ফলে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে সৃষ্ট প্রতিবন্ধকতা এবং যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলে তা গোপন না রেখে অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।
সভায় বিদ্যালয়ের শিক্ষক ও প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।
এদিকে একই দিন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত হয়।
























