দুর্গাপূজায় টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক, বন্দরে সীমিত লেনদেন

- সংবাদ প্রকাশের সময় : ১২:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে টানা তিন দিন ছুটি থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলো সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত সার্কুলার লেটার নং-১৫ জারি করা হয়।
সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—ব্যাংক বন্ধ থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর, শনিবার, ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রমের সুবিধার্থে বন্দর ও কাস্টমস এলাকাভিত্তিক ব্যাংক শাখা ও বুথগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলার অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও এসব শাখা ও বুথে আমদানি-রপ্তানি-সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে।
এ জন্য স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।


























